গোবিন্দগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০২ জুন ২০১৬, ১১:৩৬
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল খালেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ আরো ১০ জন আহত হয়েছেন। এসময় দুটি নির্বাচনী কার্যালয়, দোকান ও মোটর সাইকেল ভাংচুর করা হয়।
 
বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাপমারা ইউনিয়নের খামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক একই ইউনিয়নের হরিপুর গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।
 
গুরুতর গুরুতর আহতদের ছামছুজ্জোহা (৩৫), আবদুল করিম (৩৯), মোখলেছুর রহামান (৪০), কেরামত আলী (৩৮) আবদুল মান্নান (৪০) ও লুত্ফর রহমানকে (৪০) গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাটের ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
 
স্থানীয়রা জানান, রাতে সাপমারা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সর্দার ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাকিল আলম বুলবুলের মধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে উভয়ের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তোফাজ্জল হোসেন ও শাকিল আলম বুলবুলসহ ১০ জন আহত হন। এছাড়া এসময় উভয়ের নির্বাচনী অফিস ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে।
 
সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে খামারপাড়া এলাকার একটি জমিতে কাদামাখা অবস্থায় আবদুল খালেকের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।