'অচল হাতকে কর্মক্ষম করা সরকারের স্বাস্থ্যসেবার ইতিবাচক দিক'

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:২৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, 'পঙ্গু, বিকলাঙ্গ, কর্মহীন (অচল) হাতগুলোর মানুষকে সার্জারির মাধ্যমে কর্মক্ষম করে তুলতে বিএসএমএমইউয়ের উদ্যোগ সরকারের স্বাস্থ্যসেবার একটি ইতিবাচক দিক।'
 
শনিবার বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের ৭ম তলায় ক্লাসরুমে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি (হাতের নার্ভের সমস্যাজনিত) ইনজুরি বিষয়ক ৩ দিনব্যাপী বৈজ্ঞানিক ও লাইভ সার্জিক্যাল ডেমোনেস্ট্রেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, 'দেশে ১০২টি মেডিক্যাল কলেজ ও ডিগ্রীধারী ৮০ হাজার চিকিৎসক রয়েছেন। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসক রয়েছেন ১৫ হাজার।'
 
তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৯০টি পোস্ট গ্রাজুয়েট কোর্স পরিচালনা করছে। এ থেকেই প্রমাণিত হয়, বাংলাদেশ স্বাস্থ্যখাতে অনেকটাই এগিয়ে গেছে।' উপাচার্য জানান, ৩ দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালায় ১০ জন রোগীর ব্রাকিয়াল প্লেক্সাস সার্জারি করা হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৫০ জন রোগীর ব্রাকিয়াল প্লেক্সাস সার্জারি সম্পন্ন হয়েছে।
 
ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি বিষয়ক ৩ দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা ও লাইভ সার্জিক্যাল ডেমনেস্ট্রেশনের মাধ্যমে রোগীরা যেমন উপকৃত হবেন তেমনি কর্মশালায় অংশ নেয়া অর্থোপেডিক সার্জনরা অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।