ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় শনিবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত ও তিন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। নানা ঘটনায় সমস্যা পড়া দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা।
দি বেল ২০৬ হেলিকপ্টার পাপুয়া প্রদেশের পানিয়াই এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎনিকভাবে জানা যায়নি। এ সময় আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক ছিল বলে জানা যায়।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র অগাস রিয়ান্তো বলেন, ‘চিকিত্সা সেবা দেয়ার জন্য আমরা যাত্রীদের পার্শ্ববর্তী নাবির নগরীতে সরিয়ে নিয়েছি।’ পাপুয়া হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত পার্বত্য এলাকা। ফলে এ অঞ্চলে যাতায়াতের জন্য সাধারণত হালকা বিমান ব্যবহার করা হয়ে থাকে।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। গত বছর ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটের ত্রিগানা এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৪ জন নিহত হয়।
অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ইন্দোনেশিয়ার বিমান খাতের সম্প্রসারণ ঘটলেও এর নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল। এ কারণে গত দু’বছরে অনেক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। -এএফপি
