চার মডেলের স্মার্টফোন নিয়ে বাংলাদেশে যাত্রা করল চীনা ব্র্যান্ড লেনোভো। রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিনসি হোটেলে গতকাল উন্মোচন হয় এ চার স্মার্টফোনের।
দেশে লেনোভোর একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অপারেশনসের প্রধান রোহিত খাট্টার ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাট্টার। তিনিই পরিচয় করিয়ে দিলেন চারটি মডেলের সঙ্গে। সবগুলো স্মার্টফোনই ফোরজি এলটিইসংবলিত। স্মার্টফোনগুলো হচ্ছে— লেনোভো এ ৬০১০, লেনোভো ভাইভ পি১ এম, লেনোভো এ ১০০০ ও লেনোভো ২০১০।
৫ ইঞ্চি ওয়াইড ভিউ আইপিএস ডিসপ্লে, ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড, ১৩ মেগাপিক্সেলের ব্যাংক ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম রয়েছে লেনোভো এ ৬০১০-এ। দাম: ১৩ হাজার ৪৯৯ ডলার।
লেনোভো ভাইভ পি১ এমে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমে চলবে এটি। ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকা ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। ২জিবি র্যাম ও ১৬জিবি ইন্টারনাল মেমোরি সম্পন্ন ফোনটি কিনতে গুনতে হকে ১১ হাজার ৯৯৯ টাকা।
লেনোভো ১০০০ এ হ্যান্ডসেটটির ডিসপ্লে ৪ ইঞ্চির। সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯ টাকা।
লেনোভো ২০১০-এর ডিসপ্লেটি সাড়ে ৪ ইঞ্চির। ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসংবলিত ফোনটির দাম ৬ হাজার ৯৯৯ টাকা। এতে আছে ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র্যাম, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম।
