হাজারীবাগের ফলের আড়তে ৫ জনের জেল-জরিমানা

আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:২৩
 
রাজধানীর হাজারীবাগের বেরিবাঁধ এলাকায় খলিল সরদার কৃষি মার্কেটে ফলের আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
 

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, সোমবার দুপুরে হাজারীবাগের ফলের আড়তের ২৭টি কলা, ১৫টি আম, দুইটি লিচু, একটি আনারস ও একটি কাঁঠালের আড়তে বিএসটিআইয়ের মিনিল্যাব, মেজারিং ডিভাইসসহ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফলের আড়তে ফরমালিন ও ওজনে কোনো হেরফের না পাওয়া গেলেও তিনটি কলা এবং একটি আমের আড়তে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ইথোফন, কার্বাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার হয়েছে। ক্ষতিকারক ইথোফন, কার্বাইড, রাইপেন ও অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে দ্রবণ তৈরী করা হয়। এরপর কলার ছড়ি এবং আমের ঝুড়িতে রাসায়নিক দ্রবণ স্প্রে প্রদান করা হচ্ছে যাতে করে কলা ও আম ২/১ দিনের মধ্যে পুরোপুরি হলুদ রং ধারণ পূর্বক পেকে যায়। অথচ এ সমস্ত রাসায়নিক বোতলের গায়েই লেখা রয়েছে ফল পাকানোর কাজে ব্যবহার নিষিদ্ধ। এ অপরাধের কারণে কাশেম এন্টারপ্রাইজে আলমগীর বিশ্বাস (২৪) কে ১ মাসের কারাদন্ড, তাফসির ফল আড়তের আক্তার হোসেন (৪৫) কে ১০ দিনের কারাদন্ড, শাহ জালাল ফল ভান্ডারের কাবুল হোসেন (৫০)  কে ২০ হাজার টাকা জরিমানা এবং থ্রি ষ্টার রাজাপুর আম আড়তের নেছার (২৪) ও বশির (১৯) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।