পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুজিনস্কি

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:৪৪
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা পেদ্রো পাবলো কুজিনস্কি স্বল্প ব্যবধানে এগিয়ে আছেন। ৯৪ ভাগ ভোট গণনায় কুজিনস্কি পেয়েছেন ৫০ দশমিক দুই ভাগ এবং কেইকো ফুজিমোরি পেয়েছেন ৪৯ দশমিক সাত ভাগ ভোট। কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে একজনকে বিজয়ী ঘোষণা করতে আরো কয়েকদিন সময় লাগবে।
 
৪১ বছর বয়সী ফুজিমোরি বড়ো ব্যবধানে জিতবেন— গত রবিবার অনুষ্ঠিত ভোটের আগে এমনটা মনে হলেও, তার দল পপুলার ফোর্স পার্টির বিরুদ্ধে দুর্নীতির গুজব তার সমর্থন হ্রাস করেছে। তিনি পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে। মানবতাবিরোধী অপরাধের জন্য তিনি কারাগারে আছেন। গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে জয়ী ফুজিমোরি বলেছেন, তার অগ্রাধিকার হবে অপরাধ নিয়ন্ত্রণ করা।
 
অপরদিকে ওয়াল স্ট্রিটের সাবেক লগ্নিকারক ৭৭ বছর বয়সী কুজিনস্কি বলেছেন, অর্থনৈতিক উন্নয়নকে সমুন্নত রাখতে তিনি তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে ব্যবহার করবেন। ভোটের ফলাফল আসা শুরু করলে তিনি বলেন, আমরা ঐকমতের ভিত্তিতে তৈরি একটি সরকার পেতে যাচ্ছি। আর কোনো ঝগড়া-বিবাদ নেই। সূত্র: বিবিসি