টুইটারের চেয়ে বেশি বিজ্ঞাপনদাতা ইনস্টাগ্রামে

আপডেট : ১১ জুন ২০১৬, ১২:১১
বিজ্ঞাপনদাতা টানার দিক থেকে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারকে পেছনে ফেলে দিয়েছে ফটো ও ভিডিও শেয়ারের সাইট ইনস্টাগ্রাম। বর্তমানে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি বিজ্ঞাপনদাতা রয়েছেন, যেখানে টুইটারে রয়েছেন এক লাখ ৩০ হাজার বিজ্ঞাপনদাতা। নতুন এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
 
কেটল নামের এক ডিজিটাল এজেন্সির জরিপে এই তথ্য উঠে এসেছে, যারা ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করার জন্য বিখ্যাত। কেটলের জরিপ ফলাফলকে প্রত্যাখ্যান করেছে টুইটার কর্তৃপক্ষ।
 
'অ্যাডভার্টাইজার পারসেপশন' নামের এক প্রতিষ্ঠানের ২০১৫ সালের জরিপের বরাত দিয়ে টুইটার কর্তৃপক্ষ দাবি করছে, তাদের সাইটে ৩৭ শতাংশ বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিয়ে থাকেন, যেখানে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেন ২৮ শতাংশ বিজ্ঞাপনদাতা।
 
টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, কেটলের জরিপ ফলাফল সত্যকে সমর্থন করে না। বিজ্ঞাপনী এজেন্সির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। এবং, এটা বলার অপেক্ষা রাখে না যে, বিজ্ঞাপন প্রচারের সবচেয়ে শক্তিশালী ও সৃজনশীল ক্যানভাস টুইটার।
 
এ ব্যাপারে কেটলের সিনিয়র সোশ্যাল স্ট্রেটেজিস্ট ক্রিস গিলবার্গ জানিয়েছেন, যেখানে ব্যবহারকারীদের আনাগোনা বেশি থাকে সেখানেই বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিয়ে থাকেন বেশি। বর্তমানে টুইটারের চেয়ে ইনস্টাগ্রামেই ব্যবহারকারীদের আনাগোনা বেশি। সূত্র- ডিএনএ ইন্ডিয়া ডটকম।