কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে রাস্তার জায়গা দখল করে বিএডিসির হিমাগারের সীমানা প্রাচীর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, কৃষকদের মাঝে মানসম্পন্ন বীজ সরবরাহের লক্ষ্যে উপজেলার শ্রীরামদী এলাকায় তিন একর জমির মধ্যে দুই হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিএডিসির হিমাগার ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে। গত বছরের ২৮ মার্চ কিশোরগঞ্জ-দুই (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এ নির্মাণ কাজ উদ্বোধন করেন। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে শ্রীরামদী এলাকায় নির্মিত হিমাগারের পশ্চিমপাশের প্রাচীরটি আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী রাস্তার সীমানায় প্রাচীর নির্মাণ বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
