আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৬, ১২:২৪
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩৫) উপজেলা সদরের মৃত. আব্দুল গফুরের ছেলে।
 
স্থানীয়রা জানায়, বুধবার সকালে রবিউল উপজেলা সদরের আলমগীর হোসেন পিন্টুর বাড়িতে টিনের চালের ফ্রেম তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে তার হাত লাগে । এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।