জাপানে রাজধানী টোকিওর নারীরা যাতে নিজেদের সময় ও সুবিধামত বাচ্চা নিতে পারে সেজন্য নগর কর্তৃপক্ষ অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর উপকণ্ঠে উরায়াসু শহরের কর্তৃপক্ষ সরকারি উদ্যোগে ডিম্বাণু হিমঘরে জমিয়ে রাখার ব্যাপারে অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বের কোনো দেশে জন্মহার বাড়াতে এটাই এধরনের প্রথম উদ্যোগ। তিনবছরের এক পরীক্ষামূলক প্রকল্পে সরকারি কোষাগার থেকে এই উদ্যোগের জন্য সাড়ে আট লক্ষ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। জাপানে জন্মহার যেভাবে কমছে তাতে উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে।
এই প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে আছে যে হাসপাতাল সেই হাসপাতালের বিজ্ঞানীরা বলছেন তারা আশা করছেন মহিলাদের ডিম্বাণু হিমঘরে এভাবে সংরক্ষিত রাখলে তারা বেশি বয়সেও সন্তান গ্রহণের সুযোগ নিতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন অনেক মহিলাই এখন বিভিন্ন কারণে সময়ে সন্তান নিচ্ছেন না যেটা সেদেশে জন্মহার কমার একটা অন্যতম কারণ।
এই প্রকল্প এইসব মহিলাদের তাদের নিজেদের সময়ে ও নিজেদের সুবিধা অনুযায়ী সন্তান গ্রহণে উৎসাহিত করতে পারে বলে তারা মনে করছেন। জাপান সরকার দেশটিতে জনসংখ্যা বাড়ানোর নানা উদ্যোগ নিচ্ছে। সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে দশ লাখ কমে গেছে। বিবিসি।
