নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত গ্রামের নামে মঙ্গলে খাদ

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৪:০০
 
২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে বিধ্বস্ত হওয়া গ্রামগুলোর মধ্যে ল্যাংট্যাং একটি। এই গ্রামটির নামে মঙ্গলগ্রহের একটি খাদের নামকরণ করা হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বরফ ধসে চাপা পড়ে ল্যাংট্যাংয়ে অন্তত ২১৫ জন মানুষ নিহত হয়েছেন।
 
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মঙ্গলের ৯ দশমিক ৮ কিলোমিটার চওড়া একটি খাদের নাম রেখেছে ল্যাংট্যাং।
 
নামকরণের উদ্যোক্তা গবেষক ড. জালিং দ্য হেস জানিয়েছেন, এটা নেপালের ঐ গ্রামের প্রতি ‘একটি শ্রদ্ধাঞ্জলি’।
 
ড. হেস নেদারল্যান্ডসের ইথ্রেক্ট বিশ্ববিদ্যালয়ে মঙ্গলের ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়টি পড়ান। ল্যাংট্যাং নামটিকে বেছে নেয়ার কারণ হিসেবে তিনি জানান, হিমালয়ের হিমবাহের উপর গবেষণা করার সময় তার একজন সহকর্মী ল্যাংট্যাংয়ে থেকে কাজ করেছেন।
 
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে কাজ করার সময় ল্যাংট্যাংকে নিজের প্রধান ঘাঁটি বানিয়েছিল সে, তাই আমরা ভাবলাম এই খাদটিকে ল্যাংট্যাং ডাকা হলে তা শ্রদ্ধাঞ্জলি হিসেবে সুন্দর হবে।
 
হেস জানান, খাদের খাড়া দেওয়ালের শীর্ষে যে দাগগুলো আছে তা সম্ভবত পানিপ্রবাহের কারণে তৈরি হয়েছে। এর নিচে রিজ দেখা যাচ্ছে, এগুলো সাবেক হিমবাহের অবশিষ্টাংশ।