মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ওয়েবসাইটে প্রায় ১৩৮টি নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছে হ্যাকাররা। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার এই তথ্য জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, সম্প্রতি পেন্টাগনের ওয়েবসাইটের ৫টি পাবলিক পেইজের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার জন্য ‘হোয়াইট-হ্যাট হ্যাকার’দের আহ্বান জানানো হয়। এতে সাড়া দেন এক হাজার ৪১০ জন হ্যাকার। ত্রুটি খোঁজার প্রক্রিয়াটি শুরু হওয়ার ১৩ মিনিটের মাথায় প্রথম ত্রুটিটি আবিষ্কার করেন একজন হ্যাকার। সব মিলিয়ে হ্যাকাররা এক হাজার ১৮৯টি ত্রুটি খুঁজে বের করেন। তবে এর মধ্যে পেন্টাগন ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে ১৩৮টিকে।
পেন্টাগনের এই পরীক্ষাটি চালাতে ব্যয় হয়েছে দেড় লাখ মার্কিন ডলার। এই অর্থের অর্ধেক দেয়া হয়েছে হ্যাকারদের পুরস্কার হিসেবে। প্রথম পুরস্কারের পরিমাণ ছিল ১৫ হাজার মার্কিন ডলার। এভাবে সর্বনিম্ন ১০০ ডলার পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা ছিল।
এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সচিব অ্যাশ কার্টার বলেছেন, এই ত্রুটিগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। পেন্টাগনের ওয়েবসাইটটি সুরক্ষিত রাখতে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। হ্যাকাররা যেসব ত্রুটি খুঁজে বের করেছে সেগুলো ঠিক করে নেয়া হয়েছে বলে জানান তিনি। ফক্স নিউজ।
