বেলজিয়ামের ব্রাসেলসে নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক ১২ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির বিচার বিভাগ। এই তিনজনের বিরুদ্ধে হত্যা, হত্যা পরিকল্পনা ও ত্রাসসৃষ্টি চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত অপর ৯ জনের বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় তাদের মুক্তি দেয়া হয়েছে।
শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র চলছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাসেলস ও এর আশপাশের এলাকায় অভিযান চালায় দেশটির পুলিশ। শুক্রবার (১৭ জুন) থেকে শনিবার পর্যন্ত চলা এই অভিযানে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের নিয়ে বিচার বিভাগীয় তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল।
এই অভিযানে অভিযুক্ত তিনজন হলেন- সামির সি (২৭), মুস্তফা বি (৪০), জাওয়াদ বি (২৯)।
উল্লেখ্য, গত ২২ মার্চ বেলজিয়ামের ব্রাসেলসে মেট্রো স্টেশন ও এয়ারপোর্টে হওয়া বোমা হামলায় ৩২ জনের মৃত্যু হয়। বিবিসি।
