শুরু হয়েছিলো কলোরাডো দিয়ে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক রাজ্য গাঁজা ও গাঁজা গাছের অন্যান্য অংশের ব্যবহারকে বৈধতা দিতে শুরু করে। এই অবস্থায় এবার গাঁজার ব্যবসায় নামছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট! প্রতিষ্ঠানটি বৈধভাবে গাঁজা বিক্রি তদারকি করবে বলে জানা গেছে।
মাইক্রোসফট ও ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান কাইন্ড ফিন্যান্সিয়াল গাঁজা ব্যবসায় এক যোগে কাজ করবে। কাইন্ড ফিন্যান্সিয়াল বৈধ গাঁজা ব্যবসায়ের ক্ষেত্রে সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।
মাইক্রোসফটের জন্য এ ধরনের অংশীদারীত্বে কাজ করা এই প্রথম। 'ফ্রম সিড টু সেল' নামের এই প্রকল্পটিতে কাজ করার জন্য তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট প্রযুক্তির সহায়তায় কাইন্ড ফিন্যান্সিয়াল এমন এক ব্যবস্থা নিয়ে আসছে যার কারণে বৈধ গাঁজা ব্যবসায়ে সরকার নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে ও আইন মেনে চলতে বাধ্য হবেন সংশ্লিষ্টরা।
সরকার ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে গত প্রায় তিন বছর ধরে কাইন্ড ফিন্যান্সিয়াল গাঁজা শনাক্তকারী সফটওয়্যার সরবরাহ করে আসছে। এবার সেই কাজেরই সহযোগী হচ্ছে মাইক্রোসফট। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
