দশ দিনেরও কম সময়ে যুক্তরাষ্ট্রে আরেকজন সঙ্গীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। মেক্সিকান বংশোদ্ভূত ওই শিল্পীর নাম আলেজানদ্রো জানো ফুয়েনতেস। বৃহস্পতিবার তাকে শিকাগোতে গুলি করে হত্যা করা হয়।
এর আগে ফ্লোরিডার ওরল্যান্ডোতে অটোগ্রাফ দেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে সঙ্গীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমিকে। তাকে গুলি করে হত্যাকারী নিজে আত্মহত্যা করে। তিনি অমেরিকান রিয়ালিটি শো 'দ্য ভয়েস'-এ অংশ নিয়েছিলেন। তার মতই 'দ্য ভয়েস'-এর মেক্সিকান সংস্করণে ২০১১ সালে অংশ নিয়েছিল সঙ্গীতশিল্পী আলেজানদ্রো।
বিবিসি জানায় জন্মদিন পালনের পর যখন সে গাড়িতে ওঠে তখন একজন অস্ত্রধারী তাকে গাড়ি থেকে নেমে দাড়াতে বলে। কিন্তু সে এই নির্দেশ না মানলে বন্দুকধারী পরপর তিনবার তার মাথায় গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিবিসি।
