ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের মৃত্যু এবং বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানান।
উদ্ধার কর্মীরা দুর্গত গ্রামগুলোতে বেঁচে যাওয়াদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রবল বর্ষণ ও বন্যার পর সংঘটিত ভূমিধসের পর অনেকে নিখোঁজ রয়েছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জাভার মধ্যাঞ্চল জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার বাড়ি-ঘর প্লাবিত হয়ে পড়েছে। সুতোপো এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা গেছে এতে জাভার মধ্যাঞ্চলে ৩৫ জনের মৃত্যু, ২৫ জন নিখোঁজ এবং ১৪ জন আহত হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, গ্রামবাসীর অনেকেই পানির হাত থেকে রক্ষা পেতে বাড়ির ছাদে বসে আছে। তাদের গাড়ি ও বাড়ি-ঘর ডুবে গেছে।
প্রদেশটির ভূমিধস প্রবণ এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে রাস্তায় চালকসহ বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে। কাদা, পাথর ও পানির স্রোতের তোড়ে অনেক বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। একটি এলাকায় পাঁচ ব্যক্তি তাদের বাড়িতেই চাপা পড়েছে। অপর এক ঘটনায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ ও জঞ্জাল পরিষ্কারের সময় ৯ জন মারা গেছে। সুতোপো আরো বলেন, উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে গ্রামগুলোতে তল্লাশি অব্যাহত রেখেছে। দুর্গত অঞ্চল থেকে যারা বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে এসেছে তাদের সহায়তায় অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে। সূত্র: এএফপি
