এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবকে সবরকম সমর্থন করবে রাশিয়া। সিউলে এ নিয়ে বৈঠক শুরুর আগে ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু ভারতকে সমর্থন করেই থেমে থাকবে না রাশিয়া। পুতিন জানিয়েছেন, তিনি নিজে চীনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুতিন বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক মহলে ভারতের সবরকমের স্বীকৃতির দাবিকেই সমর্থন করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি, অসামরিক পরমাণু চুক্তি থেকে শুরু করে এনএসজিতে ভারতের প্রবেশ, সব ইস্যুতেই রাশিয়া ভারতের পাশে রয়েছে বলে তিনি জানান। পরমাণু নিরাপত্তার প্রশ্নে ভারত চিরকালই অত্যন্ত সক্রিয় বলেও পুতিন মন্তব্য করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, কোনো যুক্তিতে চীন ভারতের বিরোধিতা করছে তা ওই বৈঠকে জানতে চাইবেন তিনি। রাশিয়ার সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল। সেই রাশিয়া শেষ মুহূর্তে যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, তাতে চীনের উপর চাপ বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রেসিডেন্ট পুতিন যেভাবে ঘোষণা করেছেন যে এনএসজি বৈঠকে তিনি রাশিয়ার কাছে জনতে চাইবেন চীন কোনো যুক্তিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে, তা যদি সত্যিই ঘটে, তাহলে চীনের অস্বস্তি আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। আমেরিকা এবং সহযোগী দেশগুলো আগে থেকেই ভারতের পক্ষে। যে তিন-চারটি দেশ গররাজি ছিল, ভিয়েনা বৈঠকের আগেই তারাও ভারতের অন্তর্ভুক্তিতে মত দিয়েছে। বিরোধিতায় অনড় ছিল শুধু চীন। রাশিয়া এতোদিন চুপচাপ ছিল। এখন এই দেশটিও তাদের সমর্থন ব্যক্ত করলো। তবে সবকিছুই নির্ভর করছে সিউল বৈঠকের উপর।
