দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা 'ওয়েট্রেস' বিতর্ক কোর্টে

আপডেট : ২১ জুন ২০১৬, ১১:৩০
 
চীনে উত্তর কোরিয়ার একটি হোটেলে কাজ করতে যাওয়া হোটেল 'ওয়েট্রস' বা খাবার পরিবেশকের একটি নারী দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলে এসেছে। উত্তর কোরিয়ার দাবি, দক্ষিণ কোরিয়া তাদের অপহরণ করে রেখেছে। কিন্তু বিষয়টি অস্বীকার করে দক্ষিণ কোরিয়া জানায়, এই নারী দলটি ইচ্ছা করে দক্ষিণ কোরিয়ার থাকার জন্য এসেছে।
 
এপ্রিল মাসের এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছিল বিতর্ক। এবার দক্ষিণ কোরিয়া এই নারীদের বিষয়টি আদালতে মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি।
 
এদিকে উত্তর কোরিয়ায় এই নারীদের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলেছে এসোসিয়েট প্রেস (এপি)। এই নারীদের একজনের মা এপিকে জানায়, আমার মেয়ে কখনই দেশত্যাগ করতে পারে না। সে পালিয়ে সেখানে যেতে পারে না। এমন একটা সংবাদ আমাদের পরিবারের সবার হৃদয় ভেঙ্গে দিয়েছে।
 
এই নারীদের অপর এক পরিবার সদস্য বলেন, হয়ত তারা পালিয়ে গেছে সেখানে থাকতে। কিন্তু এটা যদি সত্য হয়, তাহলে তাদের কেনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। কেন তাদের জনসম্মুখে আনা হচ্ছে না। আমরা তাদের মুখ থেকে শুনতে চাই এ কথাগুলো।
 
বিবিসি তার প্রতিবেদনে সিউলকে উদ্বৃত্ত করে জানায়, এই নারীগুলো মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না। হয়ত তারা তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে চিন্তিত অথবা তারা নিজেদের প্রচার মাধ্যমের সামনে আনতে চাইছে না।
 
কারণ যেটাই হোক, তাদের দক্ষিণ কোরিয়ায় থাকার বিষয়টি এখন নির্ধারণ করবে দেশটির আদালত। তবে বেশ কিছু মানবাধিকার সংস্থা বলছে, তাদের এখন জোর পূর্বক নিজ দেশে ফেরত পাঠানোটা হবে অমানবিক। বিবিসি।