মাধ্যমিকে ৪৭ বারের মতো ফেল করলেন ৮২ বছর বয়সী ছাত্র

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:৩৩
সেই ১৯৬৯ সালে শুরু করেছিলেন, এই নিয়ে ৪৭ বার হয়ে গেল, তবুও মাধ্যমিক পরীক্ষায় পাশ করা হলো না তাঁর। আর ম্যাট্রিক পাশ করতে পারছেন না বলে বিয়েও করতে পারছেন না তিনি। ছোটবেলায় সেরকমই প্রতিজ্ঞা করে বসে রয়েছেন তিনি।
 
এই ছাত্রের নাম শিব চরণ, বয়স ৮২। থাকেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থানের এক গ্রামে। দুই দিন আগে রাজস্থান মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে দেখা গেছে শিউচরণ সব বিষয়েই ফেল করেছেন। কয়েকটা বিষয়ে আবার শূন্যও পেয়েছেন। গত বছর শুধু সমাজবিজ্ঞানে পাশ করতে পেরেছিলেন তিনি।
 
আর ২০১৪ সালেও সব বিষয়ে ফেল করেছেন। ১৯৯৫ সালে প্রায় পাশ করেই ফেলেছিলাম। কিন্তু অঙ্কে ফেল করে গিয়েছিলাম। কোহারি গ্রামের একটা মন্দিরেই থাকেন শিব চরণ। বয়সের কারণে চোখেও ভাল দেখতে পান না। রোজগার বলতে আছে সরকারী বৃদ্ধ-ভাতা।
 
গ্রামের স্কুল শিক্ষকদের কাছ থেকে পড়া দেখিয়ে নেন তিনি। অনেকেই মজা করে তাঁকে নিয়ে, তবে গ্রামের অন্য অনেকে আবার ম্যাট্রিক পাশ করার জন্য তাঁর এই উদ্যমকে শ্রদ্ধাও করে- বই, খাতা, কলম দিয়ে সাহায্যও করে কেউ কেউ। 
 
কিন্তু দমে যাওয়ার পাত্র নন শিউচরণ। তিনি বলেন পরের বছর আবারও পরীক্ষায় বসবেন তিনি। যতক্ষণ বেঁচে থাকবো, পরীক্ষা দিয়ে যাব। পাশ করাটা বড় ব্যাপার না, কিন্তু ম্যাট্রিক পাশ না হলে তো বিয়ে করতে পারছি না। বিবিসি।