টাম্বলারে লাইভ ভিডিও যোগ করতে যাচ্ছে ইয়াহু

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:৫১
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ে জনপ্রিয়তা এখন তুঙ্গে আর সেই বাজার ধরতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। প্রতিষ্ঠানটির মালিকানাধীন ক্ষুদে ব্লগিং মাধ্যম টাম্বলারে লাইভ ভিডিও স্ট্রিমিং চালুর পরিকল্পনা চলছে।
 
টাম্বলারের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, টাম্বলারে লাইভ ভিডিও স্ট্রিমিংসহ বেশকিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। এগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীরা এই ব্লগিং সাইটটিতে ভিজ্যুয়ালি লাইভে থাকতে পারবেন। বাজারে জোর গুজব রটেছে, টাম্বলারের লাইভ ভিডিও প্রতিদ্বন্দ্বিতা করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে। বিষয়টি অস্বীকার না করলেও পুরোপুরি পরিষ্কার করেনি ইয়াহু কর্তৃপক্ষ।
 
কয়েক মাসের মধ্যে এই সেবাটি চালু করবে টাম্বলার। এ ধরনের সেবা ফেসবুকের পাশাপাশি শীর্ষস্থানীয় ক্ষুদে ব্লগিং মাধ্যম টুইটারেরও রয়েছে। ২০১৫ সালে লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা পেরিস্কোপ কেনার মধ্যদিয়ে সেবাটিতে যুক্ত হয় টুইটার। এছাড়াও গুগলের ইউটিউব ও অ্যামাজনের টুইচ একই ধরনের সেবা দিয়ে আসছে। ভ্যারাইটি।