মাদার তেরেসাকে ষড়যন্ত্রকারী হিসেবে অভিহিত করলেন বিজেপি এমপি

আপডেট : ২১ জুন ২০১৬, ২০:২৮
নোবেল পুরস্কারজয়ী মাদার তেরেসাকে ষড়যন্ত্রকারী হিসেবে অভিহিত করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এমপি যোগী আদিত্যনাথ। তার মতে মাদার তেরেসা ভারতকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের অংশ ছিলেন।
 
উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে নির্বাচিত এই এমপি বলেন, তেরেসা ভারতকে খ্রিস্টান ধর্ম ছড়ানোর ষড়যন্ত্রের অংশ ছিলেন। এই খ্রিস্টান করণের কারণে ভারতের উত্তর-পূর্বের অরুণাচল, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যে বিচ্ছিন্নতাবাদ ছড়িয়েছে। 
 
মাদার তেরেসা একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্তু। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। ১৯৭৯ সালের ১৭ অক্টোবর তিনি তাঁর সেবাকার্যের জন্য নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। 
 
১৯৯৭ সালে তার মৃত্যুর সময় বিশ্বের ১২৩টি রাষ্ট্রে এইচআইভি/এইডস, কুষ্ঠ ও যক্ষার চিকিৎসাকেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম ও বিদ্যালয়সহ মিশনারিজ অফ চ্যারিটির ৬১০টি কেন্দ্র বিদ্যমান ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস।