দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্লেনারি বৈঠকে নিউক্লিয়ার সাপলায়ার্স গ্রুপে ভারতের অন্তর্ভুক্তির এজেন্ডা তোলা হবে না বলে জানিয়ে দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইংয়ের বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে বৈঠক হওয়ার আগে ভারতের সদস্যপদ সমর্থন করেছে আমেরিকা, সুইজারল্যান্ডসহ বেশ কিছু দেশ। এদিকে রবিবার সাংবাদিক বৈঠকে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, চীন ভারতের সদস্যপদের পথে বাধা হবে না বলেই মনে করেন তিনি। সম্প্রতি এক গোপন সফরে বেইজিং গিয়ে পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর দেশটির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানান সুষমা। তাতে কিছুটা সাফল্য পাওয়া গিয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির পক্ষ থেকে ঐ নেতিবাচক বক্তব্য দেওয়া হল।
চুনইংয়ের দাবি, বিষয়টি বৈঠকের কর্মসূচিতেই নেই। তিনি বলেন, ‘‘যেসব দেশ পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী নয়, তাদের অন্তর্ভুক্তি নিয়ে এনএসজি-তে ঐক্যমত হয়নি। তাই বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে আমরা মনে করি না।’’
ভারতীয় কূটনীতিকরা জানাচ্ছেন, ২৩-২৪ জুন এনএসজি-র প্লেনারির চূড়ান্ত পর্বে ভারতের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নাও হতে পারে। কিন্তু এখনই এ নিয়ে জল্পনা করা উচিত নয়।’’
২৪ জুন পররাষ্ট্র সচিবকে সিউল পাঠানো যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ভারত। এদিকে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকের কর্মসূচিতে রয়েছে বলে দিল্লিকে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তবে এ নিয়ে এখনও সরকারিভাবে কোন মন্তব্য করেনি তারা।
