মিসরের অধীন লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে মিসরের একটি আদালত। প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এপ্রিলে সৌদি আরব সফরে গিয়ে বাদশাহ সালমানকে বলেছিলেন যে, তিনি সানাফির ও তিরান নামের দুটো দ্বীপ ফিরিয়ে দেবেন।
মিসরে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় এবং এর পরিপ্রেক্ষিতে ১৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। যদিও পরে অনেককে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকে আবেদন করে সাজা কমিয়ে নিতে পেরেছে। বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। সেই মামলার রায়ে এখন মিসরের স্টেট কাউন্সিল নামক প্রশাসনিক আদালত প্রেসিডেন্ট সিসির সিদ্ধান্ত খারিজ করে রায় দিয়েছে, দ্বীপ দুটি মিসরের অধীনই থাকবে। তবে মঙ্গলবারের এ রায় চূড়ান্ত নয় এবং উচ্চ আদালত রায় উল্টে দিতে পারে বলে জানিয়েছে।
IMG0
তিরান ও সাফির আকাবা উপসাগরের মুখে অবস্থিত। ইসরাইল লোহিত সাগরে ঢোকার জন্য এ জলপথ ব্যবহার করায় এ জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্বীপগুলো জর্ডান, মিসর এবং সৌদি আরবেরও সীমান্ত ঘেঁষে রয়েছে। বলা হয়, দ্বীপ দুটির মূল মালিক সৌদি আরব, তারাই মিসরকে এগুলো পাহারার দায়িত্ব দিয়ে রেখেছে। সৌদি আরবের অনুরোধে ১৯৫০ সাল থেকে দ্বীপগুলোতে মোতায়েন আছে মিসরীয় সেনা। ১৯৮২ সাল থেকে সেখানে কিছু মিসরীয় সামরিক কর্মকর্তা এবং জাতিসংঘের শান্তিরক্ষীও মোতায়েন আছে। তাছাড়া, দ্বীপ দুটিতে জনবসতি নেই। ইসরাইল ১৯৫৬ এবং ১৯৮২ সালে দুইবার দ্বীপ দুটি দখল করে নেওয়ার পর আবার এগুলো মিসরকে ফেরত দেয়। এরপর এ বছর এপ্রিলে মিসরের প্রেসিডেন্ট সিসি দ্বীপ দুটি সৌদি আরবকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হন। সূত্র: বিবিসি
