গত ফেব্রুয়ারিতে দক্ষিণ সুদানে জাতিসংঘের একটি আশ্রয় শিবিরে হামলার সময় যথাযথভাবে দায়িত্ব পালন না করায় সেখানে দায়িত্বরত শান্তিরক্ষীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান হার্ভ লেডসস জানান, তদন্ত করে দেখা গেছে ফেব্রুয়ারিতে দক্ষিণ সুদানের মালাকালে আশ্রয় শিবিরে বন্দুকধারীরা যখন হামলা চালায় তখন আশ্রয় নেওয়া মানুষকে রক্ষার জন্য শান্তিরক্ষীরা যথাযথ দায়িত্ব পালন করেননি। সেনা পোশাক পরা বন্দুকধারীরা তখন নির্বিচারে গুলি করে ৪০ জনকে হত্যা করে এবং আশ্রয়শিবিরে আগুন ধরিয়ে দেয়। হামলায় ১২৩ জন আহত হন। এরকম পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব বুঝতে পারেননি কিছু শান্তিরক্ষী।
হার্ড লেডসস নির্দিষ্ট করে কোনো শান্তিরক্ষীর নাম বলেননি। সংশ্লিষ্ট ইউনিট অফিসারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। শান্তিরক্ষীদের ঐ ইউনিটটিতে ইথিওপিয়া, ভারত এবং রুয়ান্ডার সেনারা ছিলেন। জাতিসংঘের তদন্তে দেখা গেছে শান্তিরক্ষীদের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। সেই মুহূর্তে তাদের কাজে সমন্বয়হীনতাও দেখা দেয়।
মালাকালে জাতিসংঘের একজন সামরিক কর্মকর্তা বলেন, হামলার সময় ইথিওপিয়ার সেনারা তাদের চৌকি ত্যাগ করেছিলেন। সে সময় শান্তিরক্ষীরা গুলি চালানোর লিখিত অনুমতি চেয়েছিল যদিও বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি তাদের দেওয়াই আছে। আল জাজিরা
