মমতার সাথে সংঘাতে সরে গেলেন আনন্দবাজার সম্পাদক

আপডেট : ২৪ জুন ২০১৬, ২১:২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সংঘাতের কারণেই সম্ভবত দায়িত্ব থেকে সরে গেলেন আনন্দবাজার গোষ্ঠীর দুই দৈনিক আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফের সম্পাদক অভীক সরকার। আনন্দবাজার পত্রিকার নতুন সম্পাদক হলেন অনির্বাণ চট্টোপাধ্যায় এবং দ্য টেলিগ্রাফের রাজাগোপাল।
 
আনন্দবাজার গোষ্ঠীর গ্রুপ অব এডিটর্স হয়েছেন অভীক সরকারের মেজো ভাই অরূপ সরকার। আর অভীক সরকার রইলেন এই গোষ্ঠীর উপদেষ্টা পদে। তবে আনন্দবাজারের ওয়েবসাইট এবং টিভি মাধ্যম এ বি পি আনন্দতে তার কর্তৃত্ব বহাল রইল। অনির্বাণ চট্টোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই আনন্দবাজার পত্রিকার সম্পাদনার বিষয়টি দেখভাল করছিলেন। যদিও এই রদবদলের বিষয়ে আনন্দবাজার গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
 
২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে খোলাখুলিভাবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছিল আনন্দবাজার পত্রিকা; বলেছিল তৃণমূল এবার হেরেও যেতে পারে। যদিও বাস্তবে তা হয়নি। আর এটা করতে গিয়েই পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বিজ্ঞাপন থেকে বেশ কিছুদিন ধরেই বঞ্চিত হতে হচ্ছে আনন্দবাজারকে। প্রভাব পড়েছে অন্যত্রও। মমতা-আনন্দবাজার সংঘাতের কারণে মার খাচ্ছিল আনন্দবাজারের অন্য ব্যবসাগুলোও। তাই তাদের বোর্ড অব ডিরেক্টরসের এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, অভীক সরকারের ভাই অরূপ সরকার মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবেই মিডিয়া মহলে পরিচিত।