ব্রেক্সিটের পর এবার গণভোট চায় ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৮:২৪
সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার পক্ষ নেয়ার পর সংগঠনটির অন্যান্য সদস্য রাষ্ট্রেও গণভোটের দাবি উঠতে শুরু করেছে। বিভিন্ন ইউরোপীয় দেশের দক্ষিণপন্থী নেতারা বলছেন, দেশের জনগণ ইইউ'র সঙ্গে থাকতে চায় কিনা তা যাচাই করে দেখার সময় এসেছে।
 
ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট নেতা মেরিন লে পেন বলেছেন, ফ্রান্সের জনগণের বেছে নেয়ার সুযোগ থাকা উচিৎ। অপরদিকে নেদারল্যান্ডসের অভিবাসন বিরোধী নেতা গার্ট ওয়াইল্ডার্স বলেন, নেদারল্যান্ডসের জনগণেরও 'নেক্সিট' ভোট পাওয়ার অধিকার রয়েছে। আর ইটালির নর্দার্ন লিগ বলছে, এখন আমাদের সময়।
 
৪৩ বছর ইইউর সঙ্গে থাকার পর ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিক এই আঞ্চলিক জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে রায় দিয়েছেন।
 
গণভোটের ফল প্রকাশের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ঐতিহাসিক এই বিচ্ছেদের খবর ব্রিটেনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটিয়েছে। সেই সঙ্গে কমেছে পাউন্ডের মূল্য। সূত্র: বিবিসি