জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনের ৩৫তম সভায় এই বাজেট পেশ করা হয়। ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ২০১৫-১৬ অর্থবছরের ১৫৪ কোটি ৩৯ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার মূল বাজেট পেশ করেন। পরে সিনেট সদস্যরা তা অনুমোদন করেন। এবার ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ১৭টি খাতে এবং ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ১৫টি খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, কর্মজীবনে প্রায়ই শিক্ষা ও দক্ষতার যথাযথ মূল্য দেয়া হয় না। এ জন্য ছাত্র-ছাত্রীরা বাজারমুখী শিক্ষার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠে। বাজারমুখী শিক্ষার আগে শিক্ষার্থীকে মানবিকগুণ ও মানবজাতির বৈজ্ঞানিক দর্শনের জ্ঞান অর্জন করতে হবে। এ রকম সমৃদ্ধ ছাত্রছাত্রী তৈরির জন্য আমাদের শ্রম দিতে হবে।
