এনএসজিতে প্রবেশে বাধা : চীনকে দায়ী করলো ভারত

আপডেট : ২৫ জুন ২০১৬, ২০:৫১
ভারতকে পরমাণু জ্বালানী সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) অন্তর্ভুক্ত হতে চীন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে নতুন দিল্লি। ভারতের সদস্য হওয়ার বিষয়টি নিয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে এনএসজি’র সদস্যদের বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত চীনের প্রবল বিরোধিতায় ৪৮ সদস্যের এ সংগঠনে ভারতের সদস্য পদ ঝুলে রইল।
 
ভারত ৪৮ সদস্যের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য হতে চায়। এনএসজি পারমাণবিক অস্ত্র বিস্তার করতে পারে এমন প্রযুক্তি বিনিময়ের বিরোধিতা করে। নয়াদিল্লি বিশ্বাস করে এনএসজিতে অন্তর্ভুক্ত হলে দেশটি স্বল্প মূল্যে পরিবেশবান্ধব জ্বালানি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সুফল আসবে।
 
ভারতের সদস্যপদের ক্ষেত্রে সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বোঝানোর যে চেষ্টা করেছেন তাও কাজে আসেনি। বেইজিং তার বিরোধী অবস্থানে অনড় রয়েছে।
 
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী নয় ভারত, তাই তাকে সদস্য পদ দেওয়া যাবে না এই যুক্তি তুলে ধরেই চীন এই বিরোধিতা করছে। এ বিরোধিতায় চীনের সঙ্গে শামিল হয়েছে অন্তত ১০টি দেশ। যদিও ভারতের সদস্য পদের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশির ভাগ দেশের সমর্থন ছিল। তবে গতকালের বৈঠকে সুইজারল্যান্ড তাদের অবস্থান পরিবর্তন করে। প্রথমে ভারতের প্রতি সমর্থন দিলেও শেষে তারা বিরোধীদের শিবিরে ভিড়ে যায়।-বাসস