গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষসহ অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। আহত সবাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, সদর উপজেলার সোনাশুর এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় ছাত্র-শিক্ষকদের বহনকারী বাস। এ সময় ট্রাক মেরামতরত অবস্থায় ট্রাক হেলপার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
