ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘর ধ্বংস

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:০০
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে ১৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ঘটনায় এর আগে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। 'এর্সকিন ফায়ার' নামে পরিচিত এই আগুন কয়েক দিনের মধ্যে ৫৬ বর্গমাইল (১৪৫বর্গকিলোমিটার) এলাকায় ছড়িয়ে পড়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কার্ন কাউন্টির লক ইসাবেলা এলাকায় শুরু হওয়া এ আগুন গরম ও শুষ্ক আবহাওয়া, উষ্ণ তাপমাত্রা এবং ঘণ্টায় ৪০ মাইল গতিতে দমকা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে।
 
জাতীয় আবহাওয়া সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার নাগাদ তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছতে পারে।
 
কয়েক হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আমেরিকান রেড ক্রসের কার্ন কাউন্টি শাখা আগুনে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীনদের জন্য দুটি অস্থায়ী আশ্রয় শিবির খুলেছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার ১৪০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
 
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন ওই এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহের সুবিধার্থে জরুরি অবস্থা জারি করেছেন। কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
 
কর্তৃপক্ষ বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং ওই এলাকার স্কুলগুলোও বন্ধ রয়েছে। এ ছাড়া কৃষিপ্রধান ও তেল সমৃদ্ধ এলাকাটিতে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমও বন্ধ করে দেয়া হয়েছে। এএফপি।