রাশিয়ান বিমান ভূপাতিত করার জন্য ‘ক্ষমা চেয়েছে’ তুরস্ক

আপডেট : ২৭ জুন ২০১৬, ২১:০১
তুর্কি-সিরিয়া সীমান্তে রাশিয়ান সামরিক বিমান ভূপাতিত করার জন্য ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান। ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন এই কথা।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় নিহত পাইলটটির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এরদোগান। চিঠিতে বলা হয়, রাশিয়া তুরস্কের বন্ধু ও কৌশলগত সহযোগী এবং তুরস্কের কর্তৃপক্ষ এটি নষ্ট করতে চায় না। তুরস্ক এখনো ক্রেমলিনের প্রকাশিত চিঠির বিষয়ে মন্তব্য করেনি। 
 
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বরে তুর্কি-সিরিয়া সীমান্তে একটি রাশিয়ান এসইউ-২৪ যুদ্ধ বিমানকে ভূপাতিত করে। বিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের জাবাল তুর্কম্যান অঞ্চলে বিধ্বস্ত হয়।  বিমানের পাইলট নিহত হলেও নেভিগেটর ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার কার্যে নিয়োজিত একটি হেলিকপ্টারে আগুন লেগে গেলে সেখানে একজন রাশিয়ান নিহত হয়। 
 
এতে ক্ষুব্ধ হয়ে রাশিয়া তুরস্ককে ক্ষমা চাইতে বলে। ক্ষমা না চাওয়ায় তুরস্কের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে এবং রাশিয়ানদের তুরস্কে পর্যটনের সমস্ত প্যাকেজ বাতিল করে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, তুরস্ক ক্ষমা না চাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। বিবিসি।