পশ্চিম বাগদাদের আবু গারিব নামের একটি মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। ইরাকি বাহিনী ফালুজ্জার নিয়ন্ত্রণ নেয়ার পর বাগদাদে এটি প্রথম হামলা।
এখনও পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও আইএস জঙ্গীরা এতে জড়িত বলে ধারণা করছে দেশটির স্থানীয় প্রশাসন। এদিকে এসোসিয়েট প্রেস জানায়, হামলাটি চালানো হয়েছে আবু গারিব নামের একটি সুন্নি মসজিদে। দেশটির সরকার এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। কিন্তু বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস উত্তর ও পশ্চিম ইরাকে আক্রমণ শুরু করে। এ সময় ইরাকের একাংশ তাদের দখলে আসে। পরবর্তীতে ইরাকি সৈন্য ও তাদের স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় আইএসকে ধীরে ধীরে দেশটি থেকে বিতাড়িত করা সম্ভব হচ্ছে বলে জানায় দেশটির সরকার। আল জাজিরা।
