ভারতের বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘প্রথম’ হওয়া রুবি রায়কে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পুনপরীক্ষায় ব্যর্থ হলে প্রতারণার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।
বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরনোর পর দেখা যায় বৈশালী এলাকার বিষুণ রায় কলেজের ছাত্রী রুবি প্রথম হয়েছেন। কিন্তু এক ভিডিও সাক্ষাৎকারে নিজের প্রধান বিষয় পলিটিকাল সায়েন্সকে 'প্রডিক্যাল সায়েন্স' এবং এটি রান্না বিষয়ক শিক্ষা দেয় মন্তব্য করে ফেঁসে যান রুবি। এতে করে দেশটির শিক্ষাব্যবস্থার দৈন্যতা ফুটে উঠছে স্পষ্ট। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
বর্ধমানের জেলা প্রশাসক স্কুলে স্কুলে চালাচ্ছেন ঝটিকা সফর। সপ্তম শ্রেণির ক্লাসঘরে ঢুকে প্রশাসনের কর্তা প্রশ্ন করেছিলেন, ‘বল তো, আমাদের দেশের নাম কী?’ উত্তর শুনে বিস্মিত পরিদর্শকরা।
বর্ধমানের কাশিয়ারা-রাইপুর হাইস্কুলের ওই ছাত্র সটান বলে দিল, ‘বাংলাদেশ!’। আর কয়েক জন ছাত্র জানাল, উত্তর জানা নেই। যা দেখে স্কুল পরিদর্শনে বেরনো জেলা শিক্ষা দফতরের আধিকারিকদের প্রতিক্রিয়া, হাঁড়ির একটি চাল টিপলে যেমন ভাত বোঝা যায়, এই উত্তর থেকেই স্পষ্ট, শিক্ষায় গোড়ায় গলদ ঠিক কতটা।
আউশার এক স্কুলে দেশের রাজধানী জানতে চাইলে এক পড়ুয়া জানায়, ‘ঢাকা’।
স্কুলের সমস্যা, পড়াশোনার মান খতিয়ে দেখতে আচমকা স্কুলে হানার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসককে প্রধান করে তৈরি হয়েছে ‘মনিটরিং কমিটি’। মাসখানেক ধরে নানা স্কুলে যাচ্ছেন কমিটি সদস্যেরা। জেলা প্রশাসক সৌমিত্র মোহন এ দিনই প্রথম পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক স্কুল সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী ও জেলা পরিকল্পনা আধিকারিক (সর্বশিক্ষা অভিযান) শারদ্বতী চৌধুরী।
এদিন প্রথমে মেমারির কুচুট প্রাথমিক বিদ্যালয়ে যায় দলটি। সেখানে চতুর্থ শ্রেণিতে ঢুকে তাঁরা পড়ুয়াদের ‘আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল’ লিখে দেখাতে বলেন। কেউ কেউ ‘আই লিভ ইন’ পর্যন্ত পারলেও কেউ ‘ওয়েস্ট বেঙ্গল’ লিখে উঠতে পারেনি।
পাশের হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বই দেখে ইংরেজি ‘রিডিং’ পড়তে বলা হলে সে পারেনি। কর্তারা ক্লাসের শিক্ষককেই ‘রিডিং’ পড়ে দেখিয়ে দিতে বলেন। তাঁর উচ্চারণ শুনেও বিরক্ত হন তাঁরা। কাশিয়ারা-রাইপুর হাইস্কুল ও আউশা প্রাথমিক স্কুলে যান জেলাশাসক।
ইতোমধ্যে কমিটি প্রায় দেড়শো স্কুল ঘুরে রিপোর্ট তৈরি করছে। বুধবার সেই রিপোর্ট দেখে শিক্ষামন্ত্রীকে জানানো হবে। আনন্দবাজার
