চীনে পাঠ্যবইয়ে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে সমালোচনার ঝড়

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:০৫
চীনে উচ্চ মাধ্যমিকের একটি যৌনশিক্ষা বইয়ে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির অনেক মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
 
যৌনশিক্ষার ওই পাঠ্যবইটিতে যেসব মেয়ে প্রাকবিবাহ যৌনসম্পর্ক জড়ায় তাদেরকে ‘সস্তা’ বলে আখ্যায়িত করা হয়েছে। বইটিতে বলা হয়, মেয়েদের ওপর বিবাহপূর্ব যৌনসম্পর্কের ভয়ঙ্কর মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া রয়েছে।  বইটি ২০০৪ সালে প্রথম প্রকাশিত হলেও সম্প্রতি এক শিক্ষক বইয়ের কিছু অংশ ইন্টারনেটে প্রকাশ করলে লিঙ্গ বৈষম্যের বিষয়টি সামনে আসে। ওই অনুচ্ছেদে বলা হয়, ‘‘শরীর দিয়ে মেয়েরা ছেলেদের দেওয়া প্রেম বাড়াতে পারে না। বরং তাদের শরীর ‘জয়ীরাই’ তাদের ‘অধঃপতিত’ বলে মনে করে। ফলে যৌন সম্পর্কের মাধ্যমে মেয়েরা প্রেম হারায়।”
 
তবে বইটির প্রকাশনা কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই বক্তব্যের মধ্যে ভুল কিছু নেই। ওই অনুচ্ছেদের শব্দচয়ন অপমানজনক নয়। কেননা, এতে ‘অধঃপতিত’ শব্দটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে।
 
এদিকে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবং অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘এই অনুচ্ছেদ পড়ে আমি অত্যন্ত পীড়িত বোধ করেছি। একজন পুরুষ হিসেবে এই বক্তব্য আমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। মেয়েদের যদি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে বলা হয়, তাহলে একই কথা ছেলেদের জন্যও প্রযোজ্য হওয়া উচিত।’ আরেকজন লেখেন, ‘নারীদের তালাবদ্ধ করে রাখুন, তাহলে তারা আর সস্তা হবে না।’ বইটি সম্পর্কে চীনের সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ জানিয়েছে, বইটি সংস্কার করা হবে। -বিবিসি