বিশ্বে ৬ কোটি ৯০ লাখ শিশু ২০৩০ সালের মধ্যে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই বিশাল সংখ্যক শিশুর মৃত্যু এড়ানো সম্ভব বলেও জানিয়েছে তারা।
বিশ্বে শিশুদের অবস্থা নিয়ে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা বলা হয়।
প্রতিবেদনটিতে ইউনিসেফ জানিয়েছে, অবস্থার পরিবর্তন না হলে ২০৩০ সালের মধ্যে ১৬ কোটি ৭০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করবে। এ সময়ে বাল্যবিবাহের কবলে পড়বে ৭৫ কোটি মেয়ে শিশু।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ দশকের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুহার অর্ধেকে নেমে এলেও এই অগ্রগতি সবার জন্য সমানভাবে হয়নি। এই সময়ের মধ্যে ১২৯টি দেশে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা সমান হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের শিশুরা, সেখানে অন্তত ২৪ কোটি ৭০ লাখ শিশু অথবা প্রতি তিনজনে দুইজন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে আছে, যারা বেঁচে থাকা ও বিকশিত হওয়ার জন্য প্রয়োজনীয় সুবিধা পায় না।
বর্তমান ধারা চলতে থাকলে ২০৩০ নাগাদ এই অঞ্চলের শিশুদের যে অবস্থা দাঁড়াবে তার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে।
