ইসরাইলের বিরুদ্ধে আফ্রিকান জোটের তীব্র নিন্দা প্রকাশ

আপডেট : ২৯ জুন ২০১৬, ১১:৫২
 
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর কঠোর দমন-পীড়নের কারণে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেশটির কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ৫৪ জাতির আফ্রিকান জোট।
 
সোমবার কাউন্সিলের শুনানিতে এজেন্ডা ৭’র আওতায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের মানবাধিকার রেকর্ড নিয়ে ইসরাইলের বিরুদ্ধে এ নিন্দা জানায় আফ্রিকান জোট।
 
জোটের বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের পাশাপাশি অবৈধ বসতি স্থাপন বন্ধ,গাজার ২০ লাখ অধিবাসীর ওপর অবরোধ তুলে নেয়া, বিনা বিচারে আটক হাজার হাজার ফিলিস্তিনির মুক্তিসহ নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরোপিত গণ শাস্তি তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে ফিলিস্তিনিদের। জেরুজালেম খ্যাত পূর্ব আল-কুদসকে এর রাজধানী করারও আহ্বান জানিয়েছে আফ্রিকান জোট।
 
ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব আল-কুদস এবং জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে নেয়ার পর ২৩০টি অবৈধ বসতিতে ১০ লাখেরও বেশি ইসরাইলী বসবাস করে আসছে। আন্তার্জাতিক সমাজ এসব বসতিকে অবৈধ বিবেচনা করে বলে মত দিয়ে আফ্রিকান জোট জানায়, ফিলিস্তিনিদের মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক গোষ্ঠিগুলোর ভূমিকা রাখা জরুরি। আল-জাজিরা।