যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন তার দলের অধিকাংশ এমপি। তবে এই ভোটের ‘সাংবিধানিক বৈধতা’ নেই জানিয়ে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন করবিন।
যুক্তরাজ্যে গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসার পরই লেবার নেতৃত্ব থেকে করবিনের সরে যাওয়ার দাবি তুলেছিলেন ছায়া মন্ত্রিসভার অর্ধেক সদস্য। মঙ্গলবার এ বিষয়ে গোপন ব্যালটে ভোট দেন লেবার এমপিরা। করবিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৭২টি, বিপক্ষে পড়ে ৪০টি ভোট।
ঐতিহাসিক এক গণভোটে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় দেশটির নাগরিকরা। ভোটের ফল প্রকাশের পর পদ্যত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরনের কনজারভেটিভ পার্টির একটি অংশ ইইউ ছাড়ার পক্ষে অবস্থান নিলেও লেবার পার্টির অধিকাংশই ছিলেন ইইউতে থেকে যাওয়ার পক্ষে। রয়টার্স
