বেনগাজি হামলা: হিলারির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ নেই

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:২৩
২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেট অফিসে হামলার ঘটনায় তৎকালীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার নতুন কোন তথ্য পাওয়া যায়নি।
 
মার্কিন কংগ্রেসে বেনগাজি হাউজ সিলেক্ট কমিটি মঙ্গলবার তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। বেনগাজিতে হামলায় সেসময়ে কূটনীতিকসহ চার মার্কিন নাগরিক নিহত হন। কংগ্রেসের রিপোর্টে এই হত্যাকাণ্ডের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়। খবর নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার।
 
দীর্ঘ প্রতীক্ষিত এই প্রতিবেদন বেনগাজিতে মার্কিন কনস্যুলেট অফিসে হামলার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়, সিআইএ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভর্ত্সনা করা হয়। সেসময়ে সেখানে কর্মরত কর্মকর্তাদের দায়ী করা হয় যারা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
 
তবে এ প্রতিবেদনে বেনগাজি হামলার বিষয়ে নতুন কিছু তথ্য অন্তর্ভূক্ত হয়েছে। প্রতিবেদনে ওয়াশিংটনের সিনিয়র কর্মকর্তাদের কঠোরভাবে সমালোচনা করা হয়। এতে বলা হয়, বেনগাজিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার অনুরোধ বারবার অস্বীকার কিংবা এড়িয়ে যাওয়া হয়। এখানে হিলারির বিরুদ্ধে সরাসরি কোন দোষারোপ করা হয়নি। এতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী এই হামলার পর তাদের নাগরিকদের উদ্ধারে সেখানে সেনা পাঠায়নি। প্রতিবেদনে আরো বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো থেকে সম্ভাব্য হামলার বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেয়া হয়নি। হিলারি ক্লিনটন ও অন্যরা এই বিপদ সংকেতকে গুরুত্ব দেননি।