যৌথ মিসাইল মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান ও দ. কোরিয়া

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৩৮
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান প্রথমবারের মতো তাদের যৌথ ক্ষেপণাস্ত্র-সনাক্তকরণ মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের জলসীমায় এই মহড়া চালানো হয়। সম্প্রতি উত্তর কোরিয়ার কয়েক দফা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, প্যাসিফিক ড্রাগন নামে মহড়াটি অংশগ্রহণকারী তিনটি দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর জানিয়েছে, কোনো মিসাইল ছোঁড়া হয়নি, কিন্তু প্রতিটি দেশই তাদের এজিস ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ও তথ্য সংগ্রহ পরীক্ষা করেছে। উল্লেখ্য, এজিস প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র কোনো ক্ষতি করার আগেই সেটাকে ভূপাতিত করা যায়।
 
এদিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ মহড়াকে ‘সামরিক উস্কানি’ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, যুক্তরাষ্ট্র এবং অন্য ‘শত্রুপরায়ন শক্তিগুলো’ উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য একটি ‘স্থায়ী হুমকি’। সূত্র: বিবিসি