এয়ারপোর্টে আগতদের স্বাগত জানাচ্ছে ব্রাজিল পুলিশ। তবে তাদের স্বাগত জানানোর কারণ ও স্টাইল একটু ভিন্ন। ব্রাজিলের রিও ডি জেনিরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা বাহিরের বের হওয়ার সময় দেখতে পায় কিছু পুলিশ সদস্য হাতে একটি ব্যানার নিয়ে স্বাগত জানাচ্ছে, যেখানে লেখা 'ওয়েলকাম টু হেল' যার অর্থ নরকে স্বাগতম। এর নিচে লেখা আছে, বেতন পাচ্ছে না পুলিশ ও দমকল কর্মীরা। তাই এই দেশে কেউ নিরাপদ নয়।
এই অভিনব কায়দায় স্বাগত জানিয়ে মূলত আন্দোলন করছে পুলিশ বাহিনীর সদস্যরা। চলতি জুন মাসের মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার রিও ডি জেনিরো পুলিশকে অর্থ প্রদানের কথা জানালেও এখন পর্যন্ত তা করা সম্ভব হয়নি।
এদিকে পুলিশ আর দমকল কর্মীদের এই অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল তুলেছে। ফটো শেয়ারিং সাইট ইমগুরে পোস্ট করা উপরের ছবিটি শেয়ার করা হয়েছে তিরিশ লক্ষ বার।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি খুবই সংকটজনক। সবকিছু ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
রিওর গভর্নর ফ্রান্সিসকো ডরনেলেসে একটি ব্রাজিলিয়ান সংবাদপত্রকে জানিয়েছেন, ফেডারেল সরকার তাদের ৮৬ কোটি ডলার দেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনো সেই অর্থ পাওয়া যায়নি। এর ফলে তাদের পুলিশ টহল বন্ধ করে দিতে হচ্ছে। এমনকি গাড়ির জ্বালানি কেনার অর্থও তাদের নেই।
ব্রাজিলের গত কয়েক মাস ধরে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। প্রেসিডেন্টের পদ থেকে দিলমা রৌসেফকে অপসারণ করা হয় তাঁর সরকার বাজেট ঘাটতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এই অভিযোগে।
এর পাশাপাশি চলছে জিকা ভাইরাস নিয়ে সংকট। অনেক দেশের ক্রীড়াবিদ ইতোমধ্যে অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই জিকা ভাইরাস আতঙ্কে।
তবে রিও অলিম্পিকের সাংগঠনিক কমিটির কর্মকর্তারা বলছেন, জিকা ভাইরাসের বিপদ অহেতুক বাড়িয়ে দেখানো হচ্ছে। ইনডিপেন্ডেন্ট ডটকম ডটইউকে।
