বড়াইগ্রামে নৌকা সমর্থকের বাড়িতে হামলা, লুটপাট

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৪:৪৯
 
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আব্দুস সামাদ (৪৫) নামে এক নৌকা সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় দুইজন নারী আহত হয়েছে।
 
এলাকাবাসী জানান, চামটা গ্রামে নির্বাচনী সহিংসতার মামলায় পুলিশ বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আযাদের সমর্থক আলিমউদ্দিনের ছেলে বুলবুলকে আটক করে। বুধবার বুলবুল জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসে পুনরায় ৩০-৩৫ জন লোকসহ আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী তোজাম্মেল হোসেনের সমর্থক একই গ্রামের আব্দুস সামাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা প্রায় ১৫ মণ রসুন লুট করে নেয় এবং সামাদের স্ত্রী রহিমা খাতুন (৩৮) ও তার বেয়াই চাঁদ আলীর স্ত্রী জহুরা খাতুন (৩৬) লাঞ্চিত ও মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
 
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে পুরো ঘটনাটি জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।