হাজীদের নিরাপত্তায় সৌদির বিশেষ ব্রেসলেট

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১১:১৯
মক্কাগামী হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রযুক্তির ব্রেসলেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের হজে ইলেক্ট্রনিক আইডেন্টিফিকেশন ব্রেসলেট (ই-ব্রেসলেট) ব্যবহারের পরিকল্পনা করছে তারা।
 
আধুনিক এসব ব্রেসলেটেই হাজিদের ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত তথ্য থাকবে বলে জানা যায়। আর এর মধ্য দিয়ে হাজিদের সেবা প্রদানে এবং তাদের সনাক্ত করতে কর্তৃপক্ষের সুবিধা হবে বলে দাবি করে সৌদি কর্তৃপক্ষ।
 
প্রতি বছর হজ পালনের উদ্দেশে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম মক্কা ও মদিনায় গমন করেন। তেল সম্পদ ও ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর অবস্থানের কারণে মুসলিম বিশ্বের ওপর বরাবরই আধিপত্য বজায় রেখে আসছে সৌদি আরব। তবে হজ ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য গত বছর বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে দেশটি।
 
সৌদি সরকারের হিসেব অনুযায়ী, গত বছর মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজি নিহত হন। তবে ইরান সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, মৃতের প্রকৃত সংখ্যা দুই হাজারেরও বেশি। তাছাড়া মক্কায় ক্রেন ভেঙে পড়েও শতাধিক হাজির মৃত্যু হয়।
 
এরপর থেকেই ইরানসহ অনেক দেশের তোপের মুখে পড়ে সৌদি সরকার। এজন্যই হাজীদের নিয়ে এবার বাড়তি ভাবনা দেশটির সরকারের। এ বছরের হজে যে ই-ব্রেসলেট ব্যবহার করার কথা ভাবা হচ্ছে তা পানি প্রতিরোধক। জিপিএস-এর সঙ্গে যুক্ত থাকবে এটি।
 
ডিভাইসটি থেকে পরিচয় শনাক্তের পাশাপাশি  আরো কিছু সেবা থাকবে। যেমন এটি হাজিদেরকে নামাজের সময় বলে দেবে, অন্য ভাষাভাষিদের যোগাযোগে সহায়তা করতে বহু-ভাষার হেলপ ডেস্কের ব্যবস্থা রাখা হবে।
 
এছাড়াও মক্কার গ্র্যান্ড মসজিদে এক হাজারের মতো নতুন নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আল জাজিরা