ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসী নারী নিহত

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৩:৫৯
ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ১০ জন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানায় ইতালীয় কর্তৃপক্ষ।
 
গত বছর শত শত যাত্রী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার ধ্বংসাবশেষ গত সোমবার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সে নৌকা থেকে মরদেহগুলো বের করে আনার প্রস্তুতি নিচ্ছিল ইতালীয় কর্তৃপক্ষ। এমন সময়ই একটি ডিঙ্গি নৌকা ডুবে যাচ্ছে বলে খবর পান তারা।
 
ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কোসিমো নিকাস্ত্রো জানান, আংশিক ডুবে যাওয়া একটি ডিঙ্গির নিচের দিক থেকে ১০ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ডুবন্ত ওই ডিঙ্গি থেকে ১০৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের টহল নৌকা। ওই একই টহল নৌকায় করে অন্য তিনটি রাবার নৌকায় থাকা ১১৬ জন অভিবাসীকেও উদ্ধার করা হয়।
 
কখনও যুদ্ধকবলিত হয়ে আবার কখনও উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের টাকা দিয়ে ঝুঁকি নিয়ে সাগরপথে অন্য দেশে পাড়ি দেন অভিবাসীরা। তবে নৌকাগুলো আকারে ছোট এবং বেশি দূর ভ্রমণ করার সক্ষমতা না থাকায়  প্রায়সময়ই ঘটছে দুর্ঘটনা। আল জাজিরা