চোখের ইশারায় চলবে স্মার্টফোন

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১১:৩৮
সেই সব ফোনের কথা মনে আছে, গেম খেলতে গেলে বাটন টিপে টিপে বুড়ো আঙুল ব্যাথা হয়ে ‌যেত? তারপর এলো স্মার্ট স্ত্রিন ফোন। আঙুলের ইশারাতেই কাজ হাসিল। এবার সেটুকু কষ্টও করতে হবে না। নিউইয়র্কের কিছু গবেষকের গবেষণা সফল হলে চোখের ইশারায় চলবে ফোন!
 
ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদন মতে, বাতিল হতে চলেছে টাচস্ত্রিন। কারণ, চোখের ইশারায় চলে এমন ফোন বানিয়েছেন মার্কিন গবেষকরা।
 
বিশ্ববিখ্যাত প্রযুক্তি শিক্ষাকেন্দ্র ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্সের যৌথ গবেষণায় এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে ‌যাতে স্ক্রিনের উপর দৃষ্টি মেপে ফেলতে পারে ফোনে থাকা সফটওয়্যার। এক্ষেত্রে ত্রুটির মাত্রা কমাতে কমাতে ১ সেন্টিমিটারে নামাতে পেরেছেন গবেষকরা।
 
ব্যবহারযোগ্য প্রযুক্তি হিসেবে ‌যা অনেক বেশি হলেও অদূর ভবিষ্যতে প্রযুক্তির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন ওই প্রকল্পের অন্যতম গবেষক আদিত্য খোসলা। মানুষের দৃষ্টির দিক নিরূপণের জন্য গেজক্যাপচার নামে একটি সফটওয়্যার বানিয়েছেন তারা। এই সফটওয়্যার থেকেই সংগ্রহ করা হচ্ছে ডেটা। গবেষণা সফল হলে চোখের ইশারাতেই ফোন চলবে বলে দাবি তাদের।
 
এমন দাবি নতুন নয়। এর আগে ২০১৩ সালের অক্টোবরের দিকে গুঞ্জন উঠে, চোখের ইশারায় চলবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস-৫। ২০১৫ সালের নভেম্বরে টেলিগ্রাফের এক খবরে দাবি করা হয়, প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোনগুলোতে আই-ট্র্যাকিং সফটওয়্যার থাকবে। এই সফটওয়্যারের ফলে চোখের ইশারায় চলবে ডিভাইসগুলো। তেমনই এক পেটেন্ট করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।