গুলশানের রেস্তোরাঁয় সিআইডি

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১০:৫২
 
রাজধানীর গুলশানে 'হলি আর্টিজান বেকারি' রেস্তোরাঁয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল পৌঁছেছে। রবিবার দুপুর ১২টার দিকে পাঁচ সদস্যের দলটি ঘটনাস্থলে যায়।
 
দলের সদস্য সিআইডির পরিদর্শক আবুল হাসান জানান, আলামত সংগ্রহ করার জন্য তারা রেস্তোরাঁয় যায়। একই সময়ে ওই রেস্তোরাঁয় ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও প্রবেশ করে।
 
রেস্তোরাঁর আশেপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছে বলে জানা গেছে।
 
শুক্রবার দিবাগত রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম।