ফিজিতে এক রুশ দম্পতির শরীরের ছিন্নাংশ একটি সৈকতে ভেসে উঠেছে। তাদেরকে হত্যা করে শরীরের অঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফিজি সান জানিয়েছে, জাল দিয়ে দুই জোড়া পা মুড়ে পাথর বেঁধে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ২৪ জুন নাতাদোলা সৈকতে জালটি পাওয়া গেছে।
নাতাদোলা সৈকত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পরে তল্লাশি চালিয়ে তাদের শরীরের আরো অংশ পাওয়া গেছে।
রুশ দম্পতি ইয়ুরি ও নাতালিয়া শিপুলিন এক সপ্তাহ আগে নিখোঁজ হন। এই ছিন্নাংশগুলো তাদেরই বলে ধারণা করা হচ্ছে।
প্রধান তদন্ত কর্মকর্তা লুক নাভেলা বলেন, রাশিয়ায় শিপুলিনের আত্মীয়দের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
সান পত্রিকা জানায়, পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করার পর কেটে টুকরো টুকরো করা হয়েছে।
২০১১ সালে এই দম্পতি ফিজিতে আসেন বলে ফিজি টাইমস জানিয়েছে। ফিজিতে তারা ফটোগ্রাফির ব্যবসা করতো। -এএফপি
