ইইউ ছাড়তে পার্লামেন্টে আইন পাশ করতে হবে ব্রিটেনকে

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২০:৪৩
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হতে হলে যুক্তরাজ্যকে পার্লামেন্টে আইন পাস করতে হবে। অর্থাৎ পার্লামেন্টে তর্ক-বিতর্ক এবং ভোটের মাধ্যমে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ কার্যকর করতে হবে, নয়তো এটি অবৈধ বলে বিবেচিত মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। তাই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন ল’ ফার্মের ওই বিশেষজ্ঞরা।
 
গত ২৩ জুন দেশটিতে ইইউ’তে থাকা না থাকা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এরপরই বেরিয়ে আসার লক্ষ্যে আইনগত প্রক্রিয়া আরম্ভ করার বিষয়টি সামনে আসে।
 
ব্যবসায়ী ও শিক্ষাবিদদের হয়ে কাজ করেন আইনজীবী মিশকন দি রিয়া। রিয়া বলেন, পার্লামেন্টে কোনো আইন পাস না করে আর্টিকেল ৫০ বাস্তবায়ন হবে বেআইনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা রয়েছে, সেটি প্রয়োগ করে ইইউ থেকে ব্রিটেনের ছেড়ে আসার প্রক্রিয়াটি অবৈধ হবে। কেননা এর মধ্য দিয়ে ইইউ’তে যুক্তরাজ্যের সদস্যপদ পাওয়ার লক্ষ্যে ১৯৭২ সালে ইউরোপীয়ান কমিউনিটি এ্যাক্ট নামক যে আইনটি করা হয়েছিল, সেটি লঙ্ঘিত হবে। ওই ল’ ফার্ম জানিয়েছে, সাংবিধানিকভাবে আইনসভাই পারে কোন আইন বাতিল করতে এবং প্রধানমন্ত্রীকে বৈধ কর্তৃত্ব দেওয়ার জন্য পার্লামেন্ট আইনের প্রয়োজন হয়।
 
এদিকে পুরো বিষয়টিকে সামনে এগিয়ে নিতে সর্বোত্তম পন্থা নির্ণয়ে পার্লামেন্টের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে নিম্নকক্ষ হাউজ অব কমনসকে সামগ্রিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
 
ওদিকে রিয়ার সহযোগী কাসরা নুরুজি বলেছেন, আইনগত বৈধতা নিশ্চিত করতে সরকারকে সঠিক পথ অনুসরণ করতে হবে। তাছাড়া এই অভাবনীয় পরিস্থিতিতে পার্লামেন্টের অখণ্ডতা এবং দেশের সংবিধান রক্ষায় আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান কাসরা। তিনি আরো বলেন, গণভোটের ফলাফল আজ বাস্তবতা। তাই এটি কার্যকরে দেশের প্রচলিত আইনের মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। সূত্র: বিবিসি