স্মৃতি ইরানির সামনে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২০:৫০
আবারো বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রভাবশালী মন্ত্রী ও বিতর্কের রানি স্মৃতি ইরানি। এবার মন্ত্রীর উপস্থিতিতেই তার সমর্থক দর্শকদের হাতেই লাঞ্ছিত হলেন এক সাংবাদিক। খবর এনডিটিভি’র।
 
গত রবিবার টেলিভিশনে এক সরাসরি অনুষ্ঠানে আসেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ইরানি (৪০)। এসময় তাকে প্রশ্ন করা হয়, আপনার মধ্যে কী গুণাবলী দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন? এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি দর্শকদের দিকে ফিরলে তাকে আবারো একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এতে যথেষ্ট ক্ষেপে যান মন্ত্রী। এ ঘটনায় দর্শকরা “ধিক্কার” “ধিক্কার” বলে ঐ সাংবাদিককে নিন্দা জানায়। দর্শকরা চেয়ার থেকে স্টেজের দিকে এগিয়ে আসেন এবং সাংবাদিককে আঘাত করেন। এতে সাংবাদিক আহত হন।
 

এসময় ইরানি উঠে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে সাংবাদিককে উদ্ধার করেন। এভাবে বার বার বিতর্কের জন্ম দেওয়ায় সমালোচকদের কাছে তিনি বিতর্কের রানি হিসেবেই সমধিক পরিচিত।