শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায় বলে ঈদও একদিন পর উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।
সৌদি আরবে সোমবার ছিল রমজানের ২৯তম দিন। এদিন চাঁদ দেখা গেলে মঙ্গলবার শাওয়াল মাস শুরু হত, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হত।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ- এর বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতে সৌদি আরব সরকার চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দেয়।
সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ বছর রমজান হবে ৩০ দিনের। তাই বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোও বুধবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে মঙ্গলবার চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এদিন চাঁদ দেখা গেলে বুধবার আর চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা।
