মাগুরার শালিখা উপজেলায় নরোত্তম মন্ডল নামে এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। তিনি জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দীঘল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মামলা না করার জন্য তার পরিবারকে হুমকি দিচ্ছেন হামলাকারীরা।
স্ত্রী ললিতা মন্ডল বলেন, ‘মাছ ধরার মিথ্যা অপবাদ দিয়ে বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী অনিমেশ মন্ডল, সজন মন্ডল ও মনোতোষ মন্ডল দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা আমার স্বামী ও সন্তানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার স্বামী নরোত্তম গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।’
তিনি অভিযোগ করেন, ‘হামলাকারীরা মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু বক্কার মাস্টার বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আশা করি তারা সু ব্যবস্থার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করা হয়নি। শুনেছি চাচা-ভাইপোর ঘটনা। তাই গ্রামবাসী মীমাংসা করবে বলেছে।’
